জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম দিদার জানান, ২০১৬ সালের ১০ এপ্রিল মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামে মহর আলী ও তাঁর ভাতিজা স্বপন মিয়াকে কৌশলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর একটি পাটক্ষেত থেকে তাঁদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত স্বপন মিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০১৬ সালের ১৯ মে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ জোড়া হত্যাকাণ্ড ঘটানো হয়।
নিহত মহর আলী ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর ভাতিজা স্বপন মিয়া পড়তেন দশম শ্রেণিতে।
মামলাটি দীর্ঘ প্রায় এক দশক তদন্ত ও বিচারিক কার্যক্রমের পর নিষ্পত্তি হলো। আদালতে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।
রায়ে ৭ আসামির মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। একই সঙ্গে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা।
তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন তাঁদের আইনজীবীরা।



























