শহীদ মিনারে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, ২১ শর্তে ডিএমপির অনুমতি
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অবস্থান ও মানববন্ধন কর্মসূচির অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। রোববার (২৩ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমতি দেয় পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে কর্মসূচি পালনের ক্ষেত্রে মোট ২১টি শর্ত দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী, নির্ধারিত স্থান ও সময়ের মধ্যেই শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন করতে হবে। অনুমোদিত স্থানের বাইরে কোথাও কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে।
এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার, উসকানিমূলক বক্তব্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কর্মসূচিতে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ড করা যাবে না এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। মানববন্ধন চলাকালে সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করতে বলা হয়েছে।
অনুমতিপত্রে আরও বলা হয়েছে, কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধনে অংশ নিতে দেওয়া যাবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
এদিকে কর্মসূচির বিষয়ে নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি।
তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।



























