৩৭০০ কোটি টাকায় পাঁচ সেতু নির্মাণ হবে কমলাকান্দা-দুর্গাপুরে: ডেপুটি স্পিকার
নিজ সংসদীয় আসনের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সরকার ও জনগণকে সঙ্গে নিয়ে পূর্বঘোষিত সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
রোববার (২৩ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে জানতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, ইতোমধ্যে এলাকার মেগা প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। সাধারণ মানুষের যাতায়াতের সময় ও দুর্ভোগ কমার পাশাপাশি আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
কমলাকান্দা ও দুর্গাপুরকে পর্যটন এলাকা হিসেবে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, এ দুই এলাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে আরও উন্নত করতে প্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণের বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় অনুমোদন ও পদক্ষেপ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে।



























