চীন সফরে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় চায়না সাউদার্নের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফরকালে বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।
এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং উপস্থিত ছিলেন।
সফরে মাহদী আমিন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও এ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ও আলোচনায় অংশ নেবেন।























