চৌদ্দগ্রামের জগন্নাথদিঘীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নে এসএসসি ও অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং জগন্নাথদিঘী ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিঞা মো. জোবায়ের, সহসাংগঠনিক সম্পাদক আগা রাসেল চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লতিফুল আলম মজুমদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আশরাফুল্লাহ খালেদ ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা পাভেল হাসান ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, জ্ঞানার্জনের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে সৎ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনা ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। প্রতিকূলতা এলেও আত্মবিশ্বাস হারানো যাবে না। লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
”কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শাহ আলম রাজু আরও বলেন, “মেধা কোনো ব্যক্তিগত সম্পদ নয়; মেধার যথাযথ বিকাশের মাধ্যমে সমাজ ও দেশের মানুষের কল্যাণে অবদান রাখতে হবে। তোমাদের আজকের অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রাণিত করবে। এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের দায়িত্ববোধও বাড়াবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাফর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আইয়ুবুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিন চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুন্নবী মানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, উপজেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম রাশেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
























