মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ে ভবনের ছাদে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আলম (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিষুমিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার জামশেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে নুর আলম কখনো রাজমিস্ত্রি, কখনো ডেকোরেশনের হেলপার আবার কখনো বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে বিষুমিয়ারহাট এলাকায় একটি ভবনের ছাদে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “নুর আলম একেক সময় একেক ধরনের কাজ করতেন। তিনি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন। তার এমন মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।”
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।























