ফকিরহাটে টিকটকার নাজমা ও ‘মাতাল’ কুদ্দুসের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল ও মানববন্ধন
বাগেরহাটের ফকিরহাটে ভুয়া মামলা, ভূমিদস্যুতা এবং হয়রানির অভিযোগে টিকটকার নাজমা বেগম ও তার স্বামী মো. কুদ্দুসের বিরুদ্ধে ফুসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল, প্রতিবাদ সমাবেশ ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৩টায় উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে ভুক্তভোগী ও সাধারণ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত নাজমা বেগম ও তার স্বামী ‘মাতাল’ কুদ্দুস দীর্ঘদিন ধরে এলাকায় নানাবিধ অপকর্ম চালিয়ে আসছেন। নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবাদ ছড়িয়ে তারা মানুষকে বিপদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন। পাশাপাশি জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখলের অভিযোগও রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা শেখ বলেন, নাজমা বেগম ও কুদ্দুস এলাকার প্রায় সব মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিপদে ফেলার চেষ্টা করেন। তারা নিয়মিত অর্থ আত্মসাৎ ও মানুষের জমি দখল করে চলছেন। আমরা জনপ্রতিনিধি হিসেবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর সঠিক বিচার দাবি করছি।
ভুক্তভোগী ফাতেমা বেগম তাঁর ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁর ও তাঁর স্বামীর নামে মাতাল কুদ্দুস এবং নাজমা বেগম একাধিকবার মিথ্যা মামলা দিয়ে মারাত্মক হয়রানি করেছে। বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায় করাই এখন তাদের মূল পেশা হয়ে দাঁড়িয়েছে। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরেক ভুক্তভোগী আওয়াল শেখ বলেন, নাজমা আমার নামেও একটি মিথ্যা মামলা দিয়েছিল। সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া এবং পরবর্তীতে টাকার বিনিময়ে তা আপস-মীমাংসা করাই এদের মূল কাজ। আমরা এলাকাবাসী একত্রিত হয়েছি যাতে এদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নারী অভিযোগ করে বলেন, আমাদের জমি নাজমা বেগম ও মাতাল কুদ্দুস জোর করে দখল করে ভোগ করছে। আমরা আমাদের জমি ফেরত চাইতে গেলে তারা আমাদের ওপর উল্টো মিথ্যা মামলার ভয়ভীতি দেখায়। এমনকি নাজমা নিজের আপন ভাইয়ের নামেও একটি মিথ্যা ধর্ষণ মামলা দিয়েছে, যা এলাকার সবাই জানে। আমরা এই জুলুম থেকে নিস্তার চাই এবং এদের উপযুক্ত বিচার চাই।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদী ঝাড়ু মিছিল কামটা গ্রামের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচি থেকে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার শত শত নারী-পুরুষ অংশ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

























