বালিয়াডাঙ্গী মেহমানখানার মানবিক উদ্যোগের পাঁচ বছর পূর্তি
অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মেহমানখানা। নিয়মিত খাবার বিতরণের এই উদ্যোগ ইতোমধ্যে পাঁচ বছর পূর্ণ করেছে। আজ (২৮ আগস্ট) শুক্রবার
সাংবাদিক হারুন অর রশিদের উদ্যোগে শুরু হওয়া বালিয়াডাঙ্গী মেহমানখানার কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শুক্রবার জুমার নামাজের পর অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে চলে আসছে এ কার্যক্রম।
উদ্যোক্তারা জানান, প্রতি সপ্তাহে সীমিত পরিসরে খাবার বিতরণ করা হলেও এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সময়ের সঙ্গে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় এ উদ্যোগ আরও বিস্তৃত হয়েছে।
পাঁচ বছর পূর্তিতে আয়োজকরা এ মানবিক কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষরা এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও মনে করেন তারা।
বালিয়াডাঙ্গী মেহমানখানার পাঁচ বছরের পথচলা মানবতার সেবায় স্থানীয় পর্যায়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

























