মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতিতেই রোগীর রক্তচাপ মাপছেন পরিচ্ছন্নতাকর্মী
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার চরম অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও নার্স কর্মরত থাকা সত্ত্বেও রোগীদের রক্তচাপ (ব্লড প্রেসার) মাপার মতো সংবেদনশীল কাজ করছেন একজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)।
সম্প্রতি ধারণ করা এক চিত্রে দেখা যায়, হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের রক্তচাপ মেপে দিচ্ছেন এক পরিচ্ছন্নতাকর্মী। যেখানে প্রশিক্ষিত নার্স বা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের এ দায়িত্ব পালন করার কথা, সেখানে একজন অপ্রশিক্ষিত পরিচ্ছন্নতাকর্মীর হাতে চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়ায় রোগীদের সুরক্ষা মারাত্মক হুমকির মুখে পড়ছে।
স্থানীয় সেবাগ্রহীতা ও সচেতন মহলের মতে, ভুল রক্তচাপ নির্ণয়ের কারণে ভুল ওষুধ প্রয়োগের আশঙ্কা থাকে, যা রোগীর জন্য জীবনঘাতী হতে পারে। হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতে কীভাবে এমন অনিয়ম চলছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন—সরকারি হাসপাতালের যদি এমন করুণ অবস্থা হয়, তবে সাধারণ মানুষ কোথায় স্বাস্থ্যসেবা পাবে? আর এই চরম অবহেলার দায়ভার কে নেবে?
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত ঘটনার তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
— পবন কুমার সরকার
কাগজের বার্তা, মিঠাপুকুর, রংপুর।






















