নাজিরপুরের রামনগরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে জনতার হাতে আটক ২
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, নাদিম শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট- ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জাকারিয়া শেখের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর এলাকায় স্থানীয় রেজাউল শেখের একটি বাগানে শুক্রবার রাত থেকে ৬-৭ জনের একটি দল অবস্থান করছিল। তারা সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় সাধারণ জনতা এবং পুলিশ।
শনিবার সকালে রামনগর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করলে এ সময় স্থানীয় লোকজন নাদিম ও জাকারিয়াকে ঘেরাও করেন। পরে তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দুইজনকে ধারালো অস্ত্রসহ পুলিশ হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বোরখা, একটি টি-শার্ট ও একটি লুঙ্গিও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।























