নাসিরনগরে সবুজের বার্তা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত
“আসুন, সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজের ভবিষ্যৎ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকা আয়োজনে এবং Rotary Club of Shantinagar Dhaka-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহিনা নাছরিন।তাছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজিজুর রহমান চৌধুরী ও বর্তমান সাংগঠনিক সম্পাদক জনাব এড আলী আজম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ সফিক (সাফিক)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং উপস্থিতদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
























