ফুটপাত দখলে বিরক্ত পথচারী, বগুড়া শহরের সাতমাথায় ট্রাফিক ও হকারদের ‘লুকোচুরি’
বগুড়া শহরজুড়ে ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক বিভাগের উচ্ছেদ অভিযান যেন এখন নিয়মিত এক ‘লুকোচুরি খেলায়’ পরিণত হয়েছে। অভিযানের খবর পেলেই তড়িঘড়ি করে সটকে পড়েন ফুটপাতের ব্যবসায়ীরা, আবার পুলিশ স্থান ত্যাগ করলেই আগের রূপ ফিরে পায় পথচারীদের হাঁটার পথ।
শহরের সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক, শেরপুর রোড, এবং স্টেশন রোড ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কগুলোর দুই পাশের ফুটপাত, রাস্তা পর্যন্ত দখল করে দোকান বসিয়েছেন ভাসমান ব্যবসায়ীরা। ফলে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত বিরতিতে ট্রাফিক বিভাগ থেকে মাইকিং ও উচ্ছেদ অভিযান চালানো হলেও কোনো স্থায়ী সমাধান মিলছে না। পথচারীদের মতে, অভিযান কেবল সাময়িক স্বস্তি দেয়। পুলিশ দেখা মাত্রই মালামাল গুটিয়ে সরিয়ে নেওয়া হয়, আর পুলিশ চলে গেলেই আবারও পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
অন্যদিকে, ফুটপাত ব্যবসায়ীরা জানান, বিকল্প কোনো পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় পেটের তাগিদে তারা বাধ্য হয়েই এভাবে ব্যবসা পরিচালনা করছেন।
জেলা ট্রাফিক পুলিশ জানিয়েছে, শহরের যানজট নিরসন ও পথচারীদের পথচলা সুগম করতে ফুটপাত দখলমুক্তের প্রচেষ্টা অবিরত চলছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ও স্থায়ী সমাধানের জন্য শুধু অভিযান নয়, সমন্বিত পরিকল্পনা ও বিকল্প পুনর্বাসনের জোর দাবি তুলেছেন শহরের সচেতন নাগরিকেরা।


























