বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৩ হাজার কোটি টাকা
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে প্রায় ২৩ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের সমপরিমাণ ছয়টি ইনসেনটিভ বোনাস অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।
রোববার (৩০ আগস্ট) গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের চূড়ান্ত আর্থিক হিসাব অনুমোদন করা হয়। বৈঠকেই ইনসেনটিভ বোনাসের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর তীব্র তারল্যসংকটকে দেখা হচ্ছে। সংকট মোকাবিলায় ব্যাংকগুলো আগের তুলনায় বেশি অর্থ বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিয়েছে। ফলে সুদ বাবদ কেন্দ্রীয় ব্যাংকের আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এ ছাড়া বিশ্ববাজারে বৈদেশিক মুদ্রার রিজার্ভ লাভজনকভাবে বিনিয়োগ করেও বাংলাদেশ ব্যাংক ভালো আয় করেছে।
তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের কার্যকর তদারকি এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করাই এর প্রধান দায়িত্ব।
তাদের মতে, মুনাফা বাড়লেও বাংলাদেশ ব্যাংককে সামষ্টিক অর্থনীতির এসব মৌলিক লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

























