বেলছড়িকে হারিয়ে সম্প্রীতি কাপের শিরোপা গোমতী ইউনিয়ন একাদশের
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জমজমাট আয়োজনে শেষ হয়েছে ‘সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে বেলছড়ি একাদশকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তুলেছে গোমতী ইউনিয়ন একাদশ।
রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি। ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টটির আয়োজন করা হয়।
ফাইনালে মাঠে নামার পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয় পাওয়ার তীব্র প্রতিযোগিতা। বল দখল, আক্রমণ-পাল্টা আক্রমণ ও গোলের সুযোগ তৈরির মধ্য দিয়ে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে থাকে গোমতী ইউনিয়ন একাদশ।
শেষ পর্যন্ত বেলছড়ি একাদশের জালে দুইবার বল পাঠিয়ে ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে গোমতী ইউনিয়ন একাদশ। ফলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় তারা। ফাইনালে পরাজিত হয়ে রানারআপ হয় বেলছড়ি একাদশ।
খেলাকে ঘিরে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ উপভোগ করেন।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


























