বোয়ালখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ভিডব্লিউবি উপকারভোগীদের প্রশিক্ষণ
চট্টগ্রামের বোয়ালখালীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি কর্মসূচি ২০২৫ ও ২০২৬ চক্রের উপকারভোগী নারীদের নিয়ে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহিলা মেম্বার রাবেয়া আকতার রাবু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার সন্জু বড়ুয়া, ইউপি সদস্য মোস্তফা মিন্টু, সমাজসেবক মজিবুর রহমান তৌহিদ, প্রশাসনিক কর্মকর্তা বাবু মিন্টু দত্ত ও গ্রাম পুলিশ প্রশান্ত বড়ুয়া।
প্রশিক্ষণে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, ইভটিজিং প্রতিরোধ এবং এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের পথে বড় বাধা। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তারা আরও বলেন, নারীদের সচেতন ও আত্মনির্ভরশীল করে তুলতে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ ও বিভিন্ন ধরনের হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী নারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


























