মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের তিস্তা ব্যারাজ পরিদর্শন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় অবস্থিত দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।
রোববার (৩০ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে তিনি তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্পের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্যসংকট এবং শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজ নেন।
পরে তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় পাউবো কর্মকর্তারা তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কারের প্রয়োজনীয়তা এবং নাব্যসংকটের কারণে স্থানীয় কৃষকদের বিভিন্ন ভোগান্তির বিষয় তুলে ধরেন।
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত রংপুর জেলার গঙ্গাচড়া ও বেতগাড়ী এলাকা সফর করেন। সেখানে তিনি প্যারাগন গ্রুপ পরিচালিত ডেইরি ফার্ম ‘প্যারাগন ডেইরি’ এবং চন্দনের হাটের একটি ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় কারিগর ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং গ্রামীণ অর্থনীতি ও তেল উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে দুপুরেই তিনি সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে রওনা হন। সেখানে তিনি ইএসডিও গেস্ট হাউসে অবস্থান করবেন এবং সফরের পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন।



























