আগফৌদ মানবকল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ
সিলেটের জৈন্তাপুরে আগফৌদ মানবকল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় আগফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে ১৮টি স্কুলড্রেস এবং বিপুলসংখ্যক খাতা-কলম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং অসচ্ছল পরিবারের সন্তানদের পড়াশোনায় সহযোগিতা করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগফৌদ মানবকল্যাণ ট্রাস্টের উপদেষ্টা ও সহকারী কৃষি কর্মকর্তা মনজুর আলম, ট্রাস্টের সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন এবং সহ-সভাপতি দেলোয়ার হোসেন দিলুসহ ট্রাস্টের সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, এটি কার্যক্রমের প্রথম ধাপ। আরও অর্থ সংগ্রহ করে পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে এ কার্যক্রম সম্পূর্ণ করা হবে, ইনশাআল্লাহ। ভবিষ্যতেও অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আগফৌদ মানবকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগে সহযোগিতা ও অর্থ দিয়ে পাশে থাকার জন্য ট্রাস্টের সকল দাতা সদস্য, উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।



















