ডলার দেওয়ার প্রলোভনে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে ডিবির হাতে গ্রেপ্তার ২
আমেরিকান ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে আটকে মারধরের অভিযোগে ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩০ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলনপুর হাটপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী মিলনপুর এলাকার মৃত নছিন আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী এলাকার মো. হবিবর রহমানের ছেলে মো. ফরিদুজ্জামান (১৯)।
ডিবি পুলিশ জানায়, ডলার দেওয়ার কথা বলে এক ব্যক্তিকে মিলনপুর হাটপুকুর বাজারের একটি পরিত্যক্ত কোচিং সেন্টারের টিনশেড কক্ষে ডেকে নেওয়া হয়। পরে সেখানে তাকে পুলিশ পরিচয়ে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হচ্ছে—এমন খবর পেয়ে ডিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে দুই অভিযুক্তকে আটক করা হয়। একই সময় আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারদের কাছ থেকে একটি পুরোনো কালো প্লাস্টিকের লাগেজে রাখা ১ ডলার মূল্যমানের ৫০টি এবং ৫ ডলার মূল্যমানের দুটি নোটসহ মোট ৬০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
















