মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনে মানিকগঞ্জে মতবিনিময় সভা
মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে মানিকগঞ্জে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট ২০২৬ মানিকগঞ্জের গণকল্যাণ ট্রাস্টে ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে এ মতবিনিময় সভার
আয়োজন করা হয়। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন আকিজ টেক্সটাইল, প্রাণ গ্রুপ, মানিকগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এর অধ্যক্ষ, বিভিন্ন ইউনিয়নের সচিব এবং স্থানীয় বিভিন্ন কোম্পানির ডিলার ও কর্মকর্তারা। এছাড়া আহসানিয়া মিশনের কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উইনরক ইন্টারন্যাশনালের কর্মকর্তা অসিত ব্যানার্জিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে উদ্ধারপ্রাপ্তদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সমাজে সম্মানজনকভাবে পুনঃএকীভূত করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করার পাশাপাশি তাদের স্বাবলম্বী ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্তদের জন্য কর্মসংস্থান ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
















