রংপুরের ৭৬ ইউনিয়নে সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় জরুরি প্রয়োজনে রংপুর জেলার ৮টি উপজেলার ৭৬টি ইউনিয়নের প্রতিটিতে ১ জন করে মোট ৭৬ জন নতুন সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এবং কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ইসরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার রংপুর সদরে ৫, কাউনিয়ায় ৬, গঙ্গাচড়ায় ৯, মিঠাপুকুরে ১৭, পীরগঞ্জে ১৫, পীরগাছায় ৯, বদরগঞ্জে ১০ এবং তারাগঞ্জে ৫টি ইউনিয়নে এই নিয়োগ দেওয়া হবে।

আবেদনের প্রধান শর্তাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র:
যোগ্যতা: আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে অন্তত ১৮ বছর। আবেদনকারীর নিজ নামে বা ভাড়ায় ন্যূনতম ২৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন পাকা ও বন্যামুক্ত গুদাম থাকতে হবে। (খাবারের দোকান, রেস্টুরেন্ট, গো-খাদ্য, মাছের খাবার বা সবজি দোকানে সার রাখা যাবে না এবং গুদামে বীজ সংরক্ষণ করা যাবে না)।
আর্থিক ও আইনি শর্ত: প্রার্থীকে অন্তত ৫.০ (পাঁচ) লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতার সনদ, হালনাগাদ ট্রেড লাইসেন্স ও টিআইএন (TIN) বা আয়কর রিটার্ন দাখিলের সনদ জমা দিতে হবে।
অযোগ্যতা: পূর্বে সার ডিলারশিপ বাতিল হওয়া বা অসাধু উপায়ে অপরাধে দণ্ডিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না (তবে ফৌজদারি সাজাভোগের ২ বছর পর আবেদন করা যাবে)। এছাড়া কোনো বিধিবদ্ধ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, পাবলিক বিশ্ববিদ্যালয়, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারী বা জনপ্রতিনিধিরা আবেদন করতে পারবেন না। এক পরিবার থেকে একাধিক ব্যক্তি ডিলারশিপ বা খুচরা বিক্রেতার কার্ড পাবেন না।
আবেদন ফি ও জামানত:
আবেদনপত্রের সঙ্গে ২,০০০ টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট এবং ১০,০০০ টাকার ফেরতযোগ্য আর্নেস্ট মানি ‘জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, রংপুর’-এর সভাপতি বরবরে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়:
আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০০ টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে সরাসরি আবেদনপত্র দাখিল করা যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনপত্রে কোনো অসত্য বা ভুয়া তথ্য বা নথি পাওয়া গেলে আবেদন বাতিলসহ আর্নেস্ট মানির টাকা বাজেয়াপ্ত করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।


























