শান্তিগঞ্জে কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় শাড়ি জব্দ, মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। অভিযানে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার শান্তিগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহজনক একটি মালিকবিহীন কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এ সময় ভ্যানটির ভেতর থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পণ্যগুলোর কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় শাড়ি ও কাভার্ড ভ্যানের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। বিপুল পরিমাণ এসব পণ্য চোরাই পথে দেশে প্রবেশ করে রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক বিজিডিও-৩২৩ মো. সেলিম রানাসহ বিজিবির ১০ সদস্য অংশ নেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ পণ্য দেশে প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতি রোধেও বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
জব্দ করা ভারতীয় শাড়িগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


























