সোনাতলায় ছাত্রদল নেতা অর্ণবের নেতৃত্বে হামলার অভিযোগ,যুবক আহত, মোটরসাইকেল ভাঙচুর
সোনাতলা স্টেডিয়াম মাঠে তৌকির আহম্মেদ (২৫) নামে এক যুবকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। হামলায় আহত তৌকিরকে স্থানীয়রা উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মাথায় ৭-৮টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে সোনাতলা স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে। আহত তৌকির উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের মো. আবু তারেক মিয়ার ছেলে।
তৌকির আহম্মেদের অভিযোগ, স্টেডিয়াম মাঠে পৌঁছানোর পর ছাত্রদল নেতা পরিচয়দানকারী ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আহনাফ হাবিব অর্ণবের নেতৃত্বে তার ভাই স্নেহ, পৌর যুবলীগ নেতা বাপ্পিসহ প্রায় ২০ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে আহত করার পাশাপাশি তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তৌকির আহম্মেদ বলেন, “আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আমাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে বলে আমি মনে করি।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্টেডিয়াম মাঠে পৌঁছানোর পরপরই অর্ণবের নেতৃত্বে তৌকিরের ওপর হামলা করা হয়। এ সময় তাকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। একই সময় তার মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তৌকিরকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















