মৌলভীবাজারে উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টার অভিযোগ, চলন্ত টমটম থেকে লাফ দিয়ে কলেজছাত্রী আহত
মৌলভীবাজার সদর উপজেলায় উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টার অভিযোগে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামে এক কলেজছাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সামনের দুটি দাঁত ভেঙে গেছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহত সাদিয়া আক্তার ঝুমা শহরের উত্তর জগন্নাথপুর এলাকার গোমরা সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে একটি টমটম অটোরিকশায় ওঠেন ঝুমা। অটোরিকশায় আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিলেন। ঝুমা ওঠার পর থেকেই ওই ব্যক্তি বারবার তাঁর গা ঘেঁষে বসার চেষ্টা করেন এবং তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। বারবার নিষেধ করা সত্ত্বেও ওই ব্যক্তি তা অমান্য করেন বলে অভিযোগ।
পরে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি বেগতিক দেখে এবং অপহরণের আশঙ্কায় ভয়ে চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন ঝুমা।
পাকা সড়কে পড়ে তিনি মুখে গুরুতর আঘাত পান। এতে তাঁর সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তাঁর মা ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত যুবক ও টমটম অটোরিকশার চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।






















