অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন
কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে অনুমতি ছাড়া যেকোনো ধরনের অনুষ্ঠান, ব্যানার ও ফেস্টুন লাগানোসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন, ব্যানার বা ফেস্টুন লাগানোসহ যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আজ থেকে ইন্টারমিডিয়েট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিলআপ এবং অনার্স ১ম বর্ষ (২০২৫-২৬ শিক্ষাবর্ষের) ভর্তি কার্যক্রমও চলমান আছে। যার ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকরাও আসছেন। তাদের কাছে যেন ক্যাম্পাস সম্পর্কে খারাপ বার্তা না যায়, তাই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। কেউ আবেদন করলে আমরা সেটা বিবেচনা করবো।























