যশোর প্রেসক্লাবে ‘সংযত আচরণের’আহ্বান
সামাজিক মাধ্যম ব্যবহার করে প্রেসক্লাব যশোর ও যশোরের সাংবাদিক সমাজের মর্যাদা, ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ন হয়—এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটি। একই সঙ্গে কোনো সদস্য সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে সম্মানহানির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ফকির শওকতের আহ্বানে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে ফকির শওকতকে আহ্বায়ক এবং বিনয় কৃষ্ণ মল্লিককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
সভায় বলা হয়, গত ৬ আগস্ট ক্লাবের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির ওপর অর্পিত দায়িত্ব সন্তোষজনকভাবে এগিয়েছে। এদিকে, একরাম-উদ-দ্দৌলা, মবিনুল ইসলাম মবিন ও ওহাবুজ্জামান ঝন্টু যথাক্রমে আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় কমিটির মধ্য থেকেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এছাড়া সদস্য এসএম তৌহিদুর রহমান দীর্ঘদিন কোনো সভায় উপস্থিত না হওয়ায় তাকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জরুরি কার্যক্রম সম্পন্ন করতে ভূমিকা রাখায় সাবেক আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা, সাবেক সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন ও সাবেক সদস্য ওহাবুজ্জামান ঝন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এজন্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেরুল হক সাবু, সদস্য সচিব হাজী আনিছুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করীমকে যথাসময়ে নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া নির্বাচন কমিশনে পাঠানোর জন্য ক্লাব সদস্যদের তালিকা হালনাগাদের সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, একাধিকবার সময় দেওয়ার পরও তিন সদস্য সাকিরুল কবীর রিটন, হাবিবুর রহমান মিলন ও জাহিদুল কবীর মিল্টন ক্লাবের দায়-দেনা পরিশোধ করেননি। তাদের আগামী ২ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে বকেয়া পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। সভায় প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রম চালু করা, ক্লাব পরিচালনা, ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ফকির শওকত। এতে বক্তব্য দেন বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান।




















