প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কায় আহত সেই বৃদ্ধা নারীর মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামের সেই বধির বৃদ্ধা নারী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে এদিন সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম আহত হন। দুর্ঘটনার পর ওই নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রতিমন্ত্রী ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারী সফরে যাচ্ছিলেন। গাড়িতে প্রতিমন্ত্রীর সাথে তার সহধর্মীনিও ছিলেন। তিনিও আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক রোটাঃ ডা. মতিউর রহমান বলেন, বধির বৃদ্ধা ফিরোজা বেগমকে আহত অবস্থায় টিএমএসএস হাসপতালে ভর্তি করা হলে চিকিৎসকরা উচ্চ পর্যায়ের টিম দিয়ে তার চিকিৎসা প্রদান শুরু করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়























