ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার ঘোষণা ইসির
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পদ্ধতিতে একটি উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদে একইসঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সম্ভাব্য ধাপ নিয়ে আলোচনার সময় তিনি জানান, ইউপি নির্বাচন একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পাঁচ নাকি ছয় ধাপে সম্পন্ন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আখতার আহমেদ বলেন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতেই উপজেলাভিত্তিক নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং অন্য ইউনিয়নগুলোতে ভিন্ন ধাপে ভোট হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে। এ ঝুঁকি এড়াতেই একটি উপজেলার সব ইউনিয়নে একইসঙ্গে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউপি নির্বাচনের চূড়ান্ত তফসিল কবে ঘোষণা করা হবে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার বিষয়টি কমিশনই নির্ধারণ করবে। এ মুহূর্তে তার কাছে তফসিলের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় সম্ভাব্য সংস্কারের বিষয়েও কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারের বিধান না রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে বিধিমালায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে, যা পুরোপুরি পর্যালোচনা শেষে বিস্তারিত জানানো যাবে।
উল্লেখ্য, সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনের একটি প্রাথমিক রোডম্যাপ প্রকাশ করেন। সেখানে আগামী সেপ্টেম্বরের শেষভাগে তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানানো হয়।
পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনাও রয়েছে নির্বাচন কমিশনের।





















