ত্রিশালে ভয়াবহ আগুনে ৮ কক্ষ পুড়ে ছাই, নিঃস্ব পরিবার
ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বড় ঘরের প্রায় আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা ফ্রিজ, খাট, আলনা, ড্রেসিং টেবিল, পোশাক, বিছানাপত্র, রান্নার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। এতে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে মোজাম্মেল হকের পরিবার।
রোববার (৬ সেপ্টেম্বর) আনুমানিক মধ্যরাতে উপজেলার ৩ নম্বর কাঁঠাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানিয়াধলা গ্রামে প্রবীণ ব্যক্তি কুদ্দুস মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় মোজাম্মেল হকের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে দুটি বড় ঘরের প্রায় আটটি কক্ষ গ্রাস করে নেয়।
অগ্নিকাণ্ডে মোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক, মুফতি এমদাদুল হক ও মো. আলমগীর হোসেনের ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে যায়। ফ্রিজ, দামি খাট, আলনা, ড্রেসিং টেবিল, পোশাক, বিছানাপত্র ও রান্নার থালা-বাসনসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, হঠাৎ আগুনে তাদের বহু বছরের সঞ্চয় ও প্রয়োজনীয় সামগ্রী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। বর্তমানে তারা চরম অসহায় অবস্থায় রয়েছেন।
ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কাঁঠাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
~ এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
























