মৃত ও অসুস্থ সাংবাদিকদের তালিকা তৈরিতে খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময়
খুলনা জেলায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারের বর্তমান পরিস্থিতি যাচাই এবং অসুস্থ, কর্মক্ষমতাহীন ও ‘জুলাই যোদ্ধা’ সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা।
এ লক্ষ্যে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি বেসরকারি রেস্তোরাঁয় সংগঠনটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া তুহিন।
সভাপতির বক্তব্যে গোলাম কিবরিয়া তুহিন বলেন, খুলনা জেলায় মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারের একটি নির্ভুল পরিসংখ্যান তৈরি করা প্রয়োজন। পাশাপাশি যারা অসুস্থতা বা বিভিন্ন কারণে সাংবাদিকতা পেশায় কার্যত অক্ষম হয়ে পড়েছেন, তাদেরও তালিকাভুক্ত করে সহযোগিতার আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সাংবাদিকরা নানা ধরনের হামলা, নির্যাতন ও মামলার শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে প্রকৃত সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে সংগঠনটিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহানাজ বলেন, একজন সাংবাদিক অসুস্থ হয়ে কর্মহীন হয়ে পড়লে তার জীবন অত্যন্ত অসহায় হয়ে ওঠে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং ও দায়িত্বশীল পেশা। দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো কঠিন সময়ে সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে ফাউন্ডেশন সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবে।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পলাশ, প্রচার সম্পাদক আব্দুল আলিম, মহিলা সম্পাদিকা পপি কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রনিসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সাংবাদিকদের কল্যাণে নেওয়া এ মানবিক উদ্যোগকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অসুস্থ, কর্মক্ষমতাহীন সাংবাদিক এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়াতে খুলনার সর্বস্তরের সাংবাদিকদের এগিয়ে এসে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


























