রাণীশংকৈলে পুলিশের অভিযানে ৫০০ ইয়াবা ও ১২ বোতল সিরাপ উদ্ধার, আটক ১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ESkuf সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরও একজন ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ রনির নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মো. হাবিবুল্লাহ ওরফে হাবিব (৩০) নামে একজনকে আটক করা হয়।
অভিযানে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ বোতল ESkuf সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মো. বকুল হোসেন (২৭) নামে অপর এক ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আটক হাবিবুল্লাহর বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়। অপরদিকে পলাতক বকুল হোসেন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক হাবিবুল্লাহকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের মাদকবিরোধী কার্যক্রম ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


























