মনোহরদীতে সার ডিলারের বিক্রয় গুদাম পরিদর্শনে (ইউএনও)মাহামুদুর হাসান
নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন সার ডিলার ও বিক্রয় গুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
সোমবার বিকেলে তিনি মনোহরদী পৌরসভা, চালাকচর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন সার ডিলার ও বিক্রয় গুদাম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও সার মজুতের পরিমাণ,বিক্রয় কার্যক্রম এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি ও সরবরাহের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি,নিয়ম অনুযায়ী মজুত সংরক্ষণ এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহের নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুত কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা প্রশাসনের এমন তদারকিতে সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থায় শৃঙ্খলা বজায় থাকবে এবং কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
























