পাটগ্রাম সীমান্তে বিএসএফের ৫ রাউন্ড ফাঁকা গুলি, ৪টি নৌকা জব্দ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী শ্রীরামপুর সীমান্তে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় নদী থেকে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশিদের চারটি নৌকাও জব্দ করে বিএসএফ সদস্যরা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর আগে দুপুরে গুলি ছুড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন তৈরি হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪২/৪-এস এবং ৮৪২/৫-এস-এর মধ্যবর্তী স্থান দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতের আনুমানিক ২০ গজ অভ্যন্তরে বরমতল নামক স্থানে অবৈধভাবে বালু ও পাথর তুলতে যান। এ সময় ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে বালু-পাথর সংগ্রহকারীরা পালিয়ে আসলেও বিএসএফ নদী থেকে তাদের ব্যবহৃত চারটি ছোট নৌকা আটকে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ঘটনা নিরসনে উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পরপরই বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে এবং বিকেলে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে।
ঘটনার বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি বিজিবির পক্ষ থেকে থানাকে জানানো হয়েছে। সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।





















