মাটিরাঙ্গায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের পর মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সেমিনার কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এডিস মশার বংশবিস্তার ঠেকাতে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি কোনো পাত্রে যেন দীর্ঘসময় পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
























