প্রবাসীদের অধিকার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে সন্দ্বীপে আলোচনা সভা
প্রবাসীদের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে ‘সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন’-এর উদ্যোগে সভা।
প্রবাসীদের অধিকার সংরক্ষণ, দেশে থাকা তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রবাসীদের সামাজিকভাবে যথাযথ মূল্যায়নের লক্ষ্যে সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্দ্বীপের এনাম নাহার সিটি সেন্টার ভবনের নিচতলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, দেশে থাকা পরিবারের নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও অধিকার সংরক্ষণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের পরিচালক মো. হেলাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার তদন্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব জয়নাল আবেদীন বাকের, উপজেলা বিএনপির সদস্য তসলিম উদ্দিন, উপদেষ্টা হুমায়ুন কবির মেম্বার ও উপদেষ্টা মো. মাঈন উদ্দিন,উপদেষ্টা আসিফ আক্তার, পরিচালক আজিজুর রহমান, আবুল বশর,এছাড়া সন্দ্বীপ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারভিন আক্তার, মুছাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম, মাইটভাঙ্গা ও হারামিয়া ইউনিয়ন পরিষদের সচিব কাজী মেহরাজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও দুবাই শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক এবং কাতার শাখার সদস্য সচিব মো. মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পরিবার-পরিজন থেকে দীর্ঘদিন দূরে থেকেও তারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তবে দেশে থাকা তাদের পরিবার অনেক সময় সামাজিক, পারিবারিক ও নিরাপত্তাজনিত নানা সমস্যার মুখোমুখি হয়।
বক্তারা বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে নয়, দেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মূল্যায়ন করতে হবে। তাদের যৌক্তিক সমস্যা এবং পরিবারের নিরাপত্তার বিষয়ে প্রশাসন ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও আন্তরিক ভূমিকা পালন করা প্রয়োজন।
সভায় প্রবাসীদের অধিকার রক্ষা, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সন্দ্বীপ থানা ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনকে যথাযথ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের পরিচালক মো. শামীম আফগানী।


























