রানীনগরে রামদাসহ আন্তঃজেলা ছিনতাইকারী গ্রেপ্তার
নওগাঁর রানীনগরে স্থানীয় জনসাধারণের সহায়তায় রামদাসহ চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইমন (২৪)।
পুলিশ জানায়, ইমন ও তার সহযোগীরা রাতের বেলায় নওগাঁ-রানীনগর সড়কে বাস ও ট্রেনের যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করত। স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ইমনকে রামদাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানায় দস্যুতা মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে নওগাঁ সদর, রানীনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে ছিনতাইসহ যেকোনো অপরাধ কঠোর হস্তে দমন করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

























