চরভদ্রাসনে এমপি বাবুলের উদ্যোগে মাছের পোনা, স্প্রে মেশিন ও স্কুলব্যাগ বিতরণ
ফরিদপুরের চরভদ্রাসনে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের পুকুরে ১০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। পরে উপজেলা বড় অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গাজীরটেক ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের স্বাবলম্বী করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বকনা বাছুর বিতরণ করা হয়।
এ ছাড়া পূর্ব গাজীরটেক, গাজীরটেক, বিশাই মাতুব্বরডাঙ্গী, ইউসুফ শিকদার ডাঙ্গী ও চার আনিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করেন এমপি বাবুল। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অসচ্ছল ও দুস্থদের মধ্যে আর্থিক সহায়তার চেকও বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তথ্যের অপপ্রচার রোধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংবাদিক আব্দুস সালাম মোল্লা, আবুল কালাম, মোহাম্মদ মেজবাহউদ্দিন, যুবদল সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, গোলাম মোস্তফাসহ অন্যরা।
এ সময় চরভদ্রাসন থানার এসআই এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মোল্লা, বিএনপি নেতা এজিএম বাদল আমিন, মোহাম্মদ কুদ্দুস আলী, মো. শাহজাহান শিকদার, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষক, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা এবং তথ্যের অপপ্রচার রোধে করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. শহিদুল ইসলাম বাবুল কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, কৃষকদের স্বাবলম্বী করা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তা এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

























