ফকিরহাটে মটোরসাকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত যুবকের দাফন সম্পন্ন
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোঃ হুসাইন শেখ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন শেখ ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মোঃ হায়দার শেখের ছোট পুত্র। তিনি পেশায় বাইসাইকেল-ভ্যান গ্যারেজের মিস্ত্রি ছিলেন। হুসাইনের স্ত্রী ও ছোট ২ টি কন্যা সন্তান রয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হুসাইন শেখ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কাঠালতলায় তার নিজস্ব গ্যারেজে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর আগে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান।
এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের খাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
























