চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট ভবনে ফাটল, পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় ভবনটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলা পরিষদ মার্কেট ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকৌশলী নাজরীন চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল, উপজেলা নির্বাহী কর্মকর্তার পিএস মো. উজ্জল এবং মার্কেটের ব্যবসায়ীরা।
পরিদর্শনকালে ইউএনও ভবনের বিভিন্ন অংশের ফাটল, দেয়াল ও অন্যান্য স্থাপনার বর্তমান অবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ভবনের সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “উপজেলা পরিষদ মার্কেট ভবনের বিভিন্ন স্থানে ফাটলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভবনটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। প্রকৌশলীদের মাধ্যমে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
উপজেলা প্রকৌশলী নাজরীন চৌধুরী ও উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুলও ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফাটলের স্থানগুলো পর্যবেক্ষণ করেন।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, ভবনের ফাটল নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ভবনটির কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।





















