তাইন্দং বিদ্যানিকেতনে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী উপহার দিল ওয়াদূদ ভূইয়া ফাউন্ডেশন
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধা ও প্রতিভার বিকাশ ঘটানো এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ঐতিহ্যবাহী তাইন্দং বিদ্যানিকেতন স্কুলে শিক্ষা সামগ্রী ও খেলাধুলার সরঞ্জাম উপহার দিয়েছে ওয়াদূদ ভূইয়া ফাউন্ডেশন।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এসব শিক্ষা সামগ্রী ও খেলাধুলার সরঞ্জাম হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাইন্দং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির ও তাইন্দং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রীর পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম উপহার দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।


























