নামে পাড়া নেই, কাজের চিহ্ন নেই – তবুও আলীকদমে ২ লাখ ৯০ হাজার টাকা ছাড়
আলীকদমে এমন একটি প্রকল্পের টাকা ছাড় হয়েছে, যার নামে কোনো পাড়াই নেই, আর কাজেরও কোনো চিহ্ন নেই। প্রকল্পটির নাম ‘ধানচি সড়ক হতে রেংরই মেম্বার পাড়ার অভিমুখে রাস্তা সংস্কার’।
২০২৫-২৬ অর্থবছরে কাবিটা-টাকা, নির্বাচনী প্রথম পর্যায় খাতে এতে ২ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সভাপতি রেহেনা বেগমের নামে টাকা ছাড় করা হয়েছে।
রেহেনা বেগম বলেন, ‘প্রকল্পের কাজের সময় আমি প্রকল্পস্থলে যাইনি। তবে পিআইও সাহেব নিজে কাজটি বাস্তবায়ন করেছেন এবং আমার নামে বিল তুলেছেন।’
ইউপি সদস্য রেংরই ম্রো বলেন, তাঁর নামে কোনো পাড়া নেই। তাঁর পাড়ার নাম মেনকেউ ম্রো পাড়া। গত অর্থবছরে তাঁর পাড়ার রাস্তা সংস্কারে কোনো কাজ হয়নি।
স্থানীয় বাসিন্দা মেনকাত ম্রো বলেন, ‘ওই প্রকল্পের কোনো কাজ আমরা হতে দেখিনি। দুর্গম পাহাড়ে এ ধরনের প্রকল্প দিয়ে সরকারি লোকজন টাকা চুরি করে খেয়ে ফেলেন। এটিও এ ধরনের একটি প্রকল্প।’
পিআইও নজরুল ইসলাম বলেন, বিল দেওয়ার আগে তিনি কাজ তদন্ত করেছেন। এরপরই বিল ছাড় করেছেন। সভাপতি ও স্থানীয়দের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘কাজ না হয়ে থাকলে আমি তদন্তে যাবো।’
পিআইও কার্যালয়ের বিরুদ্ধে ভুয়া মাস্টাররোল তৈরির অভিযোগ উঠেছে। মাস্টাররোল হলো শ্রমিকের উপস্থিতি, কাজের বিবরণ ও ব্যয়ের হিসাব যাচাইয়ের নথি।
স্থানীয়দের অভিযোগ, গত অর্থবছরেও আলীকদমে একাধিক প্রকল্পে কাজ না করে টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়মে সাবেক ইউএনও ও পিআইও নজরুল ইসলাম যোগসাজশে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জনপ্রতিনিধিদের দুর্বলতা ও তদারকির ঘাটতির সুযোগে অর্থের অপব্যবহার হচ্ছে বলে দাবি তাঁদের। সাবেক ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বরাদ্দ ছাড়, বিল-ভাউচার, মাস্টাররোল, পরিদর্শন প্রতিবেদন ও সমাপ্তির সনদ যাচাই করে নিরপেক্ষ তদন্ত ও অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

























