পঞ্চগড়ে স্কাউটদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়াতে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী ও স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নেয়।
বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার আয়োজনে এবং মাগুড়া সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ‘দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়।
কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার সম্পাদক মো. তাহেরুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দীপক চন্দ্র সরকার (এলটি) বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন মাগুড়া সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মো. আরিফ আল হাসান।
এ সময় মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ করিম মণ্ডল, মাগুড়া সিপাইপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল হোসেনসহ শিক্ষক, স্কাউট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্কাউটিং শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহযোগিতা ও নেতৃত্বের চর্চা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়, দলগত কার্যক্রম, নেতৃত্ব ও দায়িত্ব পালনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট সদস্য ও প্রশিক্ষণার্থী। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তবজীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে সনদপত্র দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশে ধারাবাহিকভাবে এমন প্রশিক্ষণ আয়োজন করা হলে ভবিষ্যতে তারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবে।
























