ভোলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময়
২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ভোলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, ভোলা জেলা শাখার আয়োজনে ভোলা প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ সুলাইমান এবং রোভার কমিশনার ও ইসলামিয়া মডেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাজহারুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন গার্ল গাইডের স্থানীয় কমিশনার খালেদা খানম এবং স্কাউট লিডার ও মাস্টার ট্রেইনার নাহিদ মোরশেদা।
বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে গার্ল গাইডের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘হলদে পাখি’ কার্যক্রম আরও বিস্তৃত হলে শিশুদের সামাজিক ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার সুযোগ বাড়বে।
তারা আরও বলেন, শিশুদের ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কার্যক্রমের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, ভোলা জেলা শাখার জেলা কমিশনার আফরোজা আক্তার।

























