লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে বিপুল ভারতীয় নেশাদ্রব্য জব্দ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ০৩টি বিওপির টহলদল পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচারের চেষ্টা করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ০১:২০ ঘটিকায় বালারহাট বিওপির আওতাধীন বালাটারী (থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম) এবং রাত ০৩২০ ঘটিকায় ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী (থানা: হাতিবান্ধা, জেলা: লালমনিরহাট) ও গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২:৫০ ঘটিকায় গংগারহাট বিওপির আওতাধীন বিদ্যাবগীস (থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম) নামক স্থানে পৃথক ০৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা বহনকৃত মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বালারহাট বিওপির এলাকা থেকে ভারতীয় গাঁজা ১৫.৫ কেজি, ঝাউরানী বিওপির এলাকা হতে ইস্কাপ সিরাপ ৯৯ বোতল এবং গংগারহাট বিওপির এলাকা হতে ফেয়ারডিল সিরাপ ৮১ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় গাঁজা ১৫.৫ কেজি, যার সিজার মূল্য ৫৪,২৫০/-টাকা, ভারতীয় ইস্কাপ সিরাপ ৯৯ বোতল, যার সিজার মুল্য ৩৯,৬০০ টাকা এবং ফেয়ারডিল সিরাপ ৮১ বোতল, যার সিজার মূল্য ৩২,৪০০/- টাকাসহ জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১,২৬,২৫০/-টাকা।
এছাড়াও, চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






















