গুইমারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পাহাড়ি যুবক আটক
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক খিল্যু মারমা উপজেলার ছনখলা এলাকার কংজু মারমার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে খিল্যু মারমার বিরুদ্ধে। পরে শিশুটিকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রথমে শিশুটিকে মানিকছড়ি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী অভিযুক্তকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, খিল্যু মারমা নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























