নতুন বাংলাদেশ গড়তে এই প্রজন্মকে দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে: পানিসম্পদ মন্ত্রী
নতুন বাংলাদেশটাকে গড়তে হলে এই প্রজন্মকে খুব দায়িত্ব নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এ্যানি বলেন, ‘শিক্ষা শেষ হয়েছে, কিন্তু শিক্ষার পাশাপাশি শিক্ষা যে চিন্তাকে বাড়িয়ে দেয়, শিক্ষা যে মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, শিক্ষা যে সত্য এবং মিথ্যার মধ্যে একটা পার্থক্য গড়ে দেয়—যারা এই চিন্তাটুকু করে, শিক্ষার পাশাপাশি এই নৈতিক চিন্তাটুকু এই মুহূর্তে আমাদের এই দেশে খুব বেশি প্রয়োজন।’
মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা রাষ্ট্র মেরামত চেয়েছিল, রাষ্ট্র সংস্কার চেয়েছিল। আমরা সবাই মিলে আন্দোলন করে আমরা একটা নির্বাচিত সরকার সেই দায়িত্বটুকু গ্রহণ করেছি। যেখানে এই শিক্ষার্থীদের জন্য আজকে গণতান্ত্রিক একটা উন্মুক্ত পরিবেশ আছে—যেই পরিবেশটা দীর্ঘ ১৭ বছর আমরা খুব চেষ্টা করেও পাইনি।’
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘আজকে আমাদের খুব স্বাভাবিক জীবন, মামলা-মোকদ্দমা, হামলা, অত্যাচার থেকে আমরা মুক্ত হয়ে বর্তমান স্থিতিশীল পরিস্থিতিকে ধরে রাখা—সেজন্য আমরা আজকে এই সুযোগ পেয়েছি। সর্বপ্রথম আমরা এই সুযোগটাকে সবাই মিলে কাজে লাগাতে চাই।’
খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকে এই বাংলাদেশে খাল খনন কর্মসূচি দেশের জন্য, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এবং প্রকৃতপক্ষে বলা যায়, প্রজন্মের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে খুব বেশি সহায়ক হবে। যে কাজগুলো প্রেসিডেন্ট জিয়ার অসমাপ্ত ছিল, যেই কাজগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত ছিল, আজকে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই আন্দোলনটাকে, সেই বিপ্লবটাকে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি।’
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রমুখ।


























