নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন
নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী বাজারে পুলিশকে মারধরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন নির্মাণ শ্রমিক মোঃ মিজানুর রহমান। ২৮ সেপ্টেম্বর দুপুরে নড়াগাতী থানার একটি বাজারে এ সংবাদ সম্মেলন করেন তিনি। তিনি নিজেকে একটি অরাজনৈতিক সংগঠন “নড়াগাতী থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন” এর সাধারণ সম্পাদক দাবি করেছেন।
সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ২৩৭১।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় পুটিমারী বাজারে পুলিশকে মারধরের ঘটনা ঘটে। ওই সময় তিনি ঘটনাস্থলের পাশেই নিজের দোকানে অবস্থান করছিলেন। একপর্যায়ে কয়েকজনকে পুলিশ সদস্যদের মারধর করতে দেখে তিনি হামলাকারীদের পুলিশকে আঘাত না করার জন্য অনুরোধ করেন এবং নিজের সাধ্যমতো হামলা ঠেকানোর চেষ্টা করেন।
মিজানুর রহমানের দাবি, এরপরও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তাকে ওই হামলার সঙ্গে সম্পৃক্ত এবং নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, ভুল তথ্যের ভিত্তিতে তাকে মামলার আসামি করা হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলে লিখিত বক্তব্যে তিনি জানান।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে মিথ্যা অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
























