বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ইরানের সঙ্গে সংঘাত নিরসন এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠে যায়।
বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮২ ডলার বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৫৫ ডলারে পৌঁছেছে।
সাম্প্রতিক কয়েক দিন ধরেই আন্তর্জাতিক তেলের বাজারে উল্লেখযোগ্য ওঠানামা দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার ব্রেন্টের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ৬০ ডলারে উঠেছিল। একপর্যায়ে দাম ১০৮ ডলারের কাছাকাছিও পৌঁছে যায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনার খবর প্রকাশ হলে শুক্রবার ব্রেন্টের দাম কমে ১০৫ দশমিক ৭ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষণে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তাকে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ থেকে এক-চতুর্থাংশ পরিবহন হয়।
ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এর প্রভাব পড়ে অপরিশোধিত তেলের দামে। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর হরমুজ প্রণালির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ায় সোমবার বাজারে এর প্রতিফলন দেখা গেছে।
সূত্র: আলজাজিরা



























