নতুন যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আলাদা কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথবাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনারও চিন্তাভাবনা করা হচ্ছে না।
তিনি বলেন, আলাদাভাবে নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।
তবে দেশব্যাপী অপরাধ দমন এবং মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



















