বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্দোলন ও বিরোধিতার মধ্যেই বৃহস্পতিবার এ সংক্রান্ত খসড়া চুক্তি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় এনসিটি পরিচালনার জন্য খসড়া চুক্তি অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে।
‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ শীর্ষক প্রকল্পের অধীনে টার্মিনালটি পরিচালিত হবে।
খসড়া চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর ১৫ বছর এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।
তবে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কোন আন্তর্জাতিক অপারেটরকে এনসিটির দায়িত্ব দেওয়া হচ্ছে, তা উল্লেখ করা হয়নি। এর আগে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনার জন্য প্রস্তাব দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটিকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে।
এদিকে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। এ নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন ও কর্মসূচিও পালন করা হয়েছে। আন্দোলনের এমন পরিস্থিতির মধ্যেই খসড়া চুক্তি অনুমোদনের খবর এলো।
এনসিটি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনালগুলোর একটি। এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্তের ফলে বন্দর পরিচালনা, শ্রমিকদের কর্মসংস্থান এবং টার্মিনালের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।























