রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট মিলিয়ে প্রথমবারের মতো সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য জানান।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দুই ইউনিটের সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ১ হাজার ৩২১ মেগাওয়াটে।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১০ সালে। পরবর্তী সময়ে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) একটি চুক্তি সই করে।
ওই চুক্তির আওতায় গঠিত হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। কেন্দ্রটির দুই ইউনিটের উৎপাদন জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

























